বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন, শপথ নিয়েই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৫ মে: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মহামারি করোনার হাত থেকে আমজনতাকে বাঁচানো আপাতত লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ নবান্নে প্রথম ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি। যার মধ্যে অন্যতম বৃহস্পতিবার থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত।

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন,
কোভিড মোকাবিলাই এখন আমাদের একমাত্র কাজ। প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছি। ভ্যাকসিন পলিসি ঠিক করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছি। দেড় কোটি ভ্যাকসিন দিয়েছি, তিন কোটি চেয়েছি। কিন্তু পাচ্ছি কম।

সমস্ত লোকাল ট্রেন বন্ধ কাল থেকে। ওখানে বেশি গাদাগাদি হয়। তাই বেশি সংক্রমণের সম্ভাবনা।

আরও বেড বাড়ানো হচ্ছে। ২৭ হাজার বেড আছে। কয়েক দিনে ৩০ হাজার বেড হবে। আইসিইউ-ও বাড়ানো হচ্ছে। পরিবহণ কর্মী, সাংবাদিক ও হকারদের আগে ভ্যাকসিন দেওয়া হবে। সবাই মাস্ক পরুন। মাস্ক না পরলে আমাদের একটু কঠোর হতে হবে।

শপিংমল, বার, রেস্টুরেন্ট, জিম, স্পোর্টস কমপ্লেক্স, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল বন্ধ থাকবে পরবর্তী নির্দেশিকা না হওয়া পর্যন্ত।

কোনও সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জড়ো হওয়া যাবে না। বাজার হাটের ক্ষেত্রে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে ৭টা খোলা থাকবে। সমস্ত সামাজিক ও রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ। সরকারি দফতরে হাজিরা ৫০ শতাংশ।

পুলিশ হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হবে। আমাদের খরচ বেড়ে গেছে। অনেক টাকার অক্সিজেন, ওষুধ কিনতে হচ্ছে। যদি কোনও সংস্থা সাহায্য করতে চায় তাহলে আগের যে তহবিল ছিল সেখানেই সাহায্য করতে পারে। তিন কোটি চেয়েছিলাম, দেড় লক্ষ করে দিচ্ছে।

এছাড়া রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক করার জন্য কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পুনরায় বীরেন্দ্রকে ডিজি করা হয়েছে এবং এডিজি আইনশৃঙ্খলা করা হয়েছে জাভেদ শামিমকে।
সমস্ত এসপি’কে বলছি, কোনও ঘটনা ঘটলে ব্যবস্থা নিন। যেখানে বিজেপি জিতেছে সেখানে বেশি গণ্ডগোল হচ্ছে। গত তিন মাস ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *