আমাদের ভারত, আরামবাগ, ৭ সেপ্টেম্বর: দুটি বাসের সাথে রেষারেষির জেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাত বছরের এক শিশুকে ধাক্কা মারলো একটি বাস। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে তড়িঘড়ি তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার কীর্তি চন্দ্রপুর এলাকায়। এই ঘটনার প্রতিবাদে আরামবাগ বর্ধমান রোডের কৃর্তি চন্দ্রপুর এলাকায় পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে আরামবাগ গামী একটি বাস আসার পথে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি শিশুকে সজোরে ধাক্কা মারে। এরপর ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহত ওই শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আহত শিশুর নাম অর্জুন হাঁসদা। বাড়ি আরামবাগ থানার নৈসরা এলাকায়।আগামী দিনে এই রকম ঘটনা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন যানবাহনে চালকদের রাস্তা আটকে তাদেরকে সচেতন করলেন স্থানীয়রা।
সূত্রের খবর, দুর্ঘটনায় আহত ওই শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তর করা হয়। বাসের চালক পলাতক পুলিশ বাসটিকে আটক করে।

