স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের স্বাক্ষরিত পুর নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ালো ইসলামপুরে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই তালিকা। যদিও বিষয়টিকে ভুয়ো বলে দাবি করেছেন কানাইয়া লালবাবু।

উল্লেখ্য, ইসলামপুর পৌরসভার ১৭টি ওয়ার্ডের প্রার্থী তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইসলামপুর থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়লাল আগরওয়াল। তিনি জানিয়েছেন, পার্থ মজুমদার নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের লেটার হেডে ইসলামপুর পৌরসভার ১৭ টি ওয়ার্ডের কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়েছে এবং তার জাল সই করে সেই লেটার হেড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানিয়েছেন, দলের কেউ এরকম করে থাকলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তবে গোটা ঘটনায় তীব্র চাপানোতর শুরু হয়েছে জেলা তৃণমূলের অন্দরে।

