এসিতে ঘুরে ঘুরে পছন্দের ব্র্যান্ডের মদ কিনবেন! সুরাপ্রেমীদের জন্য মদের আস্ত শপিং মল খুলছে এবার কলকাতায়

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: সবকিছু ঠিকঠাক থাকলে পরের বছর পুজোতে কলকাতার সুরা প্রেমীরা মদের শপিং মল থেকে মদ কেনার মত বিরল সুযোগ পাবেন। শুধু মদ কেনা নয়, ঝাঁ-চকচকে মলে বসে চটপটার সাথে সুরা পানের আমেজও নেবেন তারা। জানা যাচ্ছে শহরের কেন্দ্রস্থলে হতে চলেছে পূর্ব ভারতের প্রথম মদের শপিং মল।

সূত্রের খবর, সম্প্রতি আবগারি বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আর এই পরিবর্তনের কারণেই রাজ্যে মদের শপিং মল খোলা সম্ভব হচ্ছে। তবে মদ বিক্রি সংক্রান্ত যাবতীয় বিধি-নিষেধ আগের মতোই বহাল থাকবে এই শপিং মলেও। সে ক্ষেত্রে এই ঝাঁ-চকচকে বিপণিকেন্দ্র কোনো ছাড় পাবে না।

দক্ষিণ ভারতের বেঙ্গালুরু শহরে মদের শপিংমল রয়েছে। সুরা প্রেমীদের পাশাপাশি পর্যটকরা সেই মল দেখতে ভিড় জমান। জানা গেছে, কলকাতায় মদের শপিং মলটি হতে পারে এজিসি বোস রোডের উপরে। পার্ক সার্কাস অঞ্চলে এই এক্সক্লুসিভ শপিংমল খোলার প্রস্তুতি শুরু হয়েছে। একটি বেসরকারি সংস্থা এই কাজ শুরু করেছে।

খুচরো মদের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, অন সপ, অফ সপ রাজ্যে ছিল। তবে বিরাট শপিং মলে ঘুরে ঘুরে পছন্দসই ব্র্যান্ডের মদ কেনার সুযোগ ছিল না। এবার সেই সুযোগ পেতে চলেছে শহরবাসী। একই ছাদের তলায় মিলবে বিয়ার, হুইস্কি, ওয়াইন, ভদকা, রাম। শুধু মদ কেনা নয়, ইচ্ছে হলে মনোরম পরিবেশে বসে সুরা পান করবেন তারা।

সম্প্রতি বাংলা মদের নাম পাল্টে যাওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে। পুজোর আগে দেশি মদের দামও বাড়ছে। আসলে ব্র্যান্ডিং হচ্ছে দেশি মদের। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিশেষ বিজ্ঞপ্তি জেলায় পাঠানো হয়েছে। জানা গেছে, বিদেশি মদে যে মানে স্পিরিট মেশানো হয় বর্তমানে সে স্পিরিট মেশানো হচ্ছে দেশি মদে। তাই বোতল প্রতি খরচ বাড়ছে। ফলে কুড়ি শতাংশ দাম বাড়তে পারে দেশি মদের। অন্যদিকে বিদেশি মদের দাম বাড়তে পারে ৭-১০ শতাংশ। ১৫ সেপ্টেম্বর থেকেই নতুন দাম কার্যকর হতে পারে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে কপালে ভাঁজ পরেছে সুরা প্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *