ত্রিপুরা, গোয়ার মতই মেঘালয়ে মুখে কালি লাগিয়ে ফিরবে তৃণমূল: লকেট

জয় লাহা, দুর্গাপুর, ১৭ জানুয়ারি: ‘ত্রিপুরায় মুখে কালি লাগিয়ে ফিরে এসেছে। গোয়ায় মুখ চুন করে ফিরে এসেছে। মেঘালয়েও কালি লাগিয়ে ফিরবে।’ মঙ্গলবার বাঁকুড়ার দামোদর তীরবর্তী মানাচরে দলীয় কর্মী সম্মলেনে এসে রাজ্যের শাসকদল তৃণমূলকে এভাবে বিধঁলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। 

প্রসঙ্গত, দরজায় কড়া নাড়ছে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর ওই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে বঙ্গ গেরুয়া শিবির। সংগঠনকে মজবুত করতে যেমন দফায় দফায় ব্লক থেকে জেলা কার্যকারিনী বৈঠক করছে। তেমনই নীচুতলার কর্মীদের অক্সিজেন জোগাতে এবং জনসম্পর্ক বাড়াতে পাড়ায় পাড়ায় চা-পে চর্চা কখনো লিট্টি চোখার আসর করছে বিজেপি নেতৃত্ব। কোথাও ফুটবল খেলার আয়োজন করছে বিজেপি। আগামী ২০-২১ তারিখে শিল্পশহর দুর্গাপুরে রয়েছে বিজেপির জেলা ও রাজ্য কার্যকারিনী সভা। সেখান থেকে আগামী পঞ্চায়েত ভোটে লড়াইয়ের রূপরেখা তৈরী করবে বিজেপি।

গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ বন্টনে বিস্তর দুর্নীতির অভিযোগে শোরগোল পড়ছে। বাঁকুড়ার দামোদর নদী তিরবর্তী মানাচরে আবাসযোজনা প্রকল্পে চরম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিজেপি করার অপরাধে প্রকৃত প্রাপকদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।ইতিমধ্যে বিজেপি ওই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক ময়দান কাঁপাচ্ছে। জেলায় জেলায় বিভিন্ন ব্লকে বিডিও অফিসে ডেপুটেশন থেকে পাড়ায় পাড়ায় পথসভা শুরু করেছে। মঙ্গলবার দুর্গাপুর লাগোয়া দামোদর তীরবর্তী বাঁকুড়ার মাঝের মানায় ছিল বিজেপির কর্মী সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, বিজেপির বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা।

এদিন সম্মেলন শেষে লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদলকে আগাগোড়া আক্রমন করেন। তিনি বলেন, “ত্রিপুরায় মুখে কালি লাগিয়ে ফিরে এসেছে। গোয়ায় মুখ চুন করে ফিরে এসেছে। মেঘালয়েও ওদের লোক নেই। এরাজ্যে যেভাবে সন্ত্রাস করেছে, যেভাবে মানুষকে ঠকিয়েছে সারা দেশ জানে। তাই বাইরের রাজ্যে তাদের কোনো নেতা নেই। জনসভায় তাদের বক্তব্য শোনার লোক নেই। পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে করে লোক নিয়ে গিয়ে তাদের মাঠ ভর্তি করতে হবে। মেঘালয়েও তারা মুখে কালি লাগিয়ে ফিরবে।’

রাজ্যে দিদির দূতদের ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, “দিদির দূতকে অভিযোগ জানাতে যাওয়ায় চড় মারছে সাধারণ মানুষকে। চড় মেরে আবার তাদের বিরুদ্ধে মামলা করছে। বাংলার মানুষ এটা মেনে নেবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার জবাব দেবে। বিজেপি বাংলার মানুষের পাশে সর্বদা আছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *