পুরুলিয়ার পিঁড়রা পঞ্চায়েতে দলের প্রধানকে অপসারণ করতে বিজেপিকে সঙ্গী করে অনাস্থার চিঠি দুই তৃণমূল সদস্যের

সাথী দাস, পুরুলিয়া, ২৭ সেপ্টেম্বর: দলের প্রধানকে অপসারণ করতে বিজেপিকে সঙ্গী করে অনাস্থার চিঠি দিলেন তৃণমূলের সদস্যরা। পুরুলিয়া ২ নং ব্লকের পিঁড়রা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়। ৮ অক্টোবর তৃণমূল প্রধানকে আস্থা প্রমাণের জন্য ধার্য্য করেছে প্রশাসন। পরিস্থিতি অস্বস্তিতে ফেলেছে জেলা তৃণমূলকে।

১৫ আসন বিশিষ্ট পিঁড়রা পঞ্চায়েত তৃণমূলের ক্ষমতায় রয়েছে। ৮ জন তৃণমূল ছাড়াও বিজেপির ৪, সিপিএমের ২ এবং কংগ্রেসের ১ জন সদস্য রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পূর্ণ সম্মতিতে প্রধান হয়েছিলেন তৃণমূলের অশোক কুমার মাহাতো। সাড়ে তিন বছর পর তৃণমূলের দুই সদস্য তপন রাজোয়ার ও রোহিত কালিন্দী প্রধানকে সরাতে ২১ সেপ্টেম্বর বিডিওর কাছে চিঠি দেন। ওই চিঠিতে স্বভাবতই তাঁদের দোসর হন বিজেপির ৩, সিপিএমের ২ ও কংগ্রেসের ১ সদস্য।

ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল পাল বলেন, “এটা দুর্ভাগ্যজনক। আসলে এরা দলের ভাবমূর্তি খারাপ অনেক আগে থেকেই করছেন। এই দুই সদস্যকে উৎসাহিত করছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজপতি মাহাতো, প্রাক্তন অঞ্চল সভাপতি চিনিবাস মাহাতো এবং ব্লক কমিটির সদস্য আয়ুব আনসারী ও কৃষ্ণপদ মাহাতো। বিষয়টি দলের সভাপতি ও অন্যান্য নেতৃত্বকে জানিয়েছি।”

তৃণমূলের পুরুলিয়া ২ ব্লক সভাপতি কাঞ্চন দিগার বলেন, “তপন রাজোয়ার ও রোহিত কালিন্দীকে বোঝানোর চেষ্টা করেছি। তপন নিজে প্রধান হতে চেয়ে দল বিরোধী কাজ করছেন। বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা সভাপতিকে জানিয়েছি।”

জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “দুই সদস্যকে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য শো কজ চিঠি দেওয়া হচ্ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *