তৃণমূল নেতাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি, তোলপাড় রায়গঞ্জ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ আগস্ট: রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসককে খুনের সুপারি দেওয়া হয়েছে। এমনি একটি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলের পাশাপাশি নিজের দলেরই কেউ একাজ করে থাকতে পারে বলে অভিযোগ তুলে থানার দ্বারস্থ উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার।

এব্যাপারে বিজেপির বক্তব্য, শাসকের গোষ্ঠী কোন্দল এবং চাকরি দেওয়ার নামে যে টাকা তোলার অভিযোগ উঠছে, তাতেই তৃণমূল নেতাদের উপরে ক্ষোভের কারণে এই হুমকি চিঠি হতে পারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

উপ পৌরপ্রশাসক অরিন্দম সরকার জানিয়েছে, সোমবার দুপুরে তিনি বাড়িতে ছিলেন না। সেই সময় কেউ বা কারা সেই চিঠি তার বাড়িতে দিয়ে গেছে। বিকেলে বাড়ি ফিরে খাম খুলে হিন্দি ভাষায় লেখা চিঠি পড়েই চক্ষু চড়কগাছ তার। সেখানে রায়গঞ্জের রেজিস্ট্রেশন কোড যুক্ত একটি গাড়ির নম্বর উল্লেখ করে তাকে খুনের জন্য “সুপারি” দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। এরপরই অরিন্দমবাবু সোজা রায়গঞ্জ থানার দ্বারস্থ হন। খুনের হুমকির চিঠি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তবে বিজেপির নাম না করে বিরোধী দলের তরফে এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। এছাড়া তৃণমূলের অন্দরেই কেউ কেউ– যারা তার বিরোধিতা করেন, তারাই তাকে ভয় দেখানোর জন্য একাজ করে থাকতে পারে বলেও অভিযোগ তার।

অরিন্দম সরকারের সুরেই বিজেপির জেলা নেতৃত্ব শাসকের গোষ্ঠী কোন্দলের জেরেই এই হুমকির চিঠি বলে দাবি করেছেন। এছাড়া, দুর্নীতি ও চাকরি কান্ডে রাজ্য জুড়ে বেকারদের ক্ষোভের মুখে পড়ছে তৃণমূল, আর এটা তারও অঙ্গ হতে পারে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

তবে এখনো পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্বের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রায়গঞ্জের তৃণমূল নেতা ও পুরসভার উপ পুর প্রশাসক তথা আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতিকে উদ্দ্যেশ্য করে এই হুমকির চিঠিতে সোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে। দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *