আমাদের ভারত, ৪ জুলাই: লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র এক বছর। আবার সামনেই নতুন সংসদ ভবনে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করে প্রধানমন্ত্রীর বার্তা, ২০২৪ নয়, ২০৪৭’কে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। নরেন্দ্র মোদী সব মন্ত্রীদের প্রতি বার্তা, শেষ মাইল পর্যন্ত সরকারের সব পরিষেবা পৌঁছে দিতে হবে মানুষের কাছে।
সোমবার প্রগতি ময়দানে পাঁচ ঘন্টা ধরে চলা এই বৈঠকে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মোদী নিজে। অনেক মন্ত্রী নীতি বিষয়ক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বৈঠকে। জানাগেছে, বৈঠকে প্রধানমন্ত্রী কুড়ি মিনিটের একটি বক্তব্য রাখেন। সেখানে মন্ত্রীদের উদ্বুদ্ধ করতে মোদী বলেন, সবাই এবছর বা আগামী বছরের কথা বলছে, তবে আমাদের সরকারের উচিত আগামী ২৫ বছরের জন্য কাজ করা। আমাদের লক্ষ্য ২০৪৭। আমাদের সরকারের অনেক জনমুখী প্রকল্প রয়েছে, সারাদেশে সেইসব প্রকল্পের উপভোক্তারা রয়েছেন। সকল যোগ্য ব্যক্তি যাতে সবকটি প্রকল্পের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে আমাদের সবাইকে। শুধু প্রকল্প চালু করলে বা তা কার্যকর করলেই কাজ শেষ হয়ে যাবে না। মন্ত্রীদের নিশ্চিত করতে হবে যে জাতীয় স্তরের সুযোগ-সুবিধা যেন জেলা স্তরেও পৌঁছে যায়।
২০২৪ নয়, ২০৪৭কে লক্ষ্য ভেবে এগিয়ে চলুন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠককে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ২০৪৭ হবে দেশের অমৃত কাল। ২৫ বছরে অর্থাৎ ২০৪৭ এর মধ্যে ভারতের সব সেক্টরে প্রযুক্তির অভূতপূর্ব পরিবর্তন হবে বলে উল্লেখ করেছেন মোদী। এই সভায় মন্ত্রীরা ছাড়াও বিদেশ প্রতিরক্ষা ও রেলের সচিবরা অংশগ্রহণ করেছিলেন। সভায় ২৫ বছরে ভারতের উন্নয়নের রূপরেখা কি রকম হবে তার পরিকল্পনা জমা দেন সব কেন্দ্রীয় মন্ত্রী।
লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই চার রাজ্যের দলের সভাপতি পরিবর্তনের খবর মিলেছে, যার মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন। এর আগে গত জুলাইয়ে শেষ বার মন্ত্রিসভায় বড়সড় রদবদল হয়েছিল। কুড়ি জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে তার আগে রদবদল হতে পারে বলে জল্পনা।

