আমাদের ভারত, ২১ এপ্রিল: বঙ্গ বিজেপির অন্দরে
আদি নব্য দ্বন্দ্ব চলছে বহুদিন ধরেই। অনেকেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন। এবার দলের আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব নিয়ে দিলীপ ঘোষকেও দেখা গেল একই পথের পথিক হতে। তার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য বিজেপির দলীয় কর্মীদের পরপর দল ছাড়া নিয়ে দিলীপ পরোক্ষে দায় চাপিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপরেই।
বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, সুকান্তর অভিজ্ঞতা কম। সবে দায়িত্ব পেয়েছেন, কিন্তু ওর জানা উচিত যারা এতদিন আন্দোলন করেছেন তাদের গুরুত্ব দেওয়া জরুরি। এখানেই শেষ নয় সুকান্তকে তিনি মনে করিয়ে দিয়েছেন, যে দলের পুরোনো নেতাদের ওপর বিশ্বাস করেই এই রাজ্যের মানুষ রাস্তায় নেমেছেন। তাই তাদের ভুলে গেলে চলবে না।
সম্প্রতি হয়ে যাওয়া দুটি উপনির্বাচনে বিজেপি পরাজয়ের পর আবারও বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগেই বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা অভিযোগ করেছিলেন। সরব হয়েছেন সৌমিত্র খাঁও। দিলীপ ঘোষ এর আগে সরাসরি এই বিষয়ে মন্তব্য না করলেও অনুপম হাজরার বক্তব্যকে সমর্থন করেছিলেন।
কিন্তু বৃহস্পতিবার তিনি এই নিয়ে খোলাখুলি কথা বললেন। প্রথমেই বিজেপির পুরনো বিশ্বস্ত নেতাদের দল ছাড়তে যাওয়া নিয়ে দুষেছেন তার উত্তরসূরি সুকান্ত মজুমদারকেই।বিজেপি রাজ্য সভাপতির নাম না করেই দিলীপ ঘোষ বলেন, “যোগ্য লোকেদের বাদ দিলে হবে না”।
আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের কাছে বিজেপির বড় ব্যবধানে হারের পর থেকেই রাজ্য বিজেপি নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন দলের পুরোনো নেতৃত্ব। অনেকেই ইস্তফা দিয়েছেন। দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিজেপি নেতা সৌমিত্র খাঁ বলেছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব এখনো অপরিণত। তৃণমূলকে দেখে ওদের শেখা উচিত। বিজেপি নেতাদের দল ছাড়তে যাওয়া প্রসঙ্গে, অনুপম হাজরা ফেসবুকে লিখেছিলেন যারা এতদিন মাটি কামড়ে পড়ে ছিলেন তারা ইস্তফা দিচ্ছেন। তার অভিযোগ রাজ্য নেতৃত্ব তার মতামত শুনতে চাইনি। অনুপম বলেছিলেন, “বোধহয় কারো আঁতে ঘা লেগেছে, তাই যা বলার এবার কেন্দ্রীয় নেতৃত্বকে বলবো”। অনুপমের এই মন্তব্যকে সমর্থন করেছিলেন দিলীপ। তবে দলের আদি নব্য দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায়নি রাজ্যের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে। কিন্তু বৃহস্পতিবার প্রকাশ্যেই নিজের মতামত জানালেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি।

