ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানা থেকে পালিয়ে গেল চিতা বাঘ, এলাকায় আতঙ্ক

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ অক্টোবর: দুর্গাপুজোর উ‍ৎসবের মুখেই বিপত্তি। বৃহস্পতিবার সন্ধেয় ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানা থেকে পালিয়েছে চিতাবাঘ। আর এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা ঝাড়গ্রাম জেলাজুড়ে। পালিয়ে যাওয়া চিতাবাঘকে খুঁজতে ইতিমধ্যেই আসরে নেমেছেন বন কর্মীরা। পুলিশের পক্ষ থেকেও মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। উ‍ৎসবের মুখে চিতাবাঘ পালানোর ঘটনায় স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

এদিন সন্ধ্যায় আচমকাই চিড়িয়াখানার কর্মীদের নজরে আসে নির্দিষ্ট খাঁচায় নেই চিতাবাঘটি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তাঁরা। চিতাবাঘ পালানোর খবর ছড়িয়ে পড়তেই ঝাড়গ্রাম এবং আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।বড় কোনও অঘটন ঘটার আগেই যাতে পালিয়ে যাওয়া চিতাবাঘটিকে কব্জায় আনা যায় তার জন্য অন্ধকারের মধ্যেই চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা। এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিশেষ মাইকিংও শুরু করেছে প্রশাসন।

ওই মাইকিংয়ে বলা হয়েছে, ‘জিওজলিক্যাল পার্কের খাঁচা থেকে একটি চিতা বাঘ পালিয়ে গিয়েছে। সর্তক থাকুন সাবধানে থাকুন। যদি ওই ধরনের কোনও জন্তু দেখতে পান তাহলে ঝাড়গ্রাম থানায় বা বন দফতরে খবর দিন। চিতাবাঘ পালানোর ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, চিড়িয়াখানায় সিসিটিভি থাকা সত্বেও কিভাবে চিতাবাঘটি পালিয়ে গেল? কর্মীদের নজরে এল না কেন এই ভয়ঙ্কর ঘটনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *