আমাদের ভারত, শিলিগুড়ি, ২ আগস্ট: শিলিগুড়িতে ফের চিতাবাঘের হানা। চিতাবাঘের হামলায় আহত এক মহিলা।আহত মহিলার নাম শশীকলা রাই। বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। চিতাবাঘের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা।
শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা জুড়ে মাঝেমধ্যেই চিতা বাঘের হামলার খবর সংবাদ শিরোনামে উঠে আসছে। বেশ কিছুদিন আগে শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪৬ নং ওয়ার্ডে একটি বাড়িতে চিতা বাঘ ঢুকে পড়ে। এরপর ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। ২২ শে জুলাই ঠিক একইভাবে সকালে বাগডোগরার বায়ুসেনার সেনা ছাউনিতে চিতাবাঘের হামলায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপর ফের সোমবার বাগডোগরার পেরিসেবল কার্গোতে ওই মহিলার ওপর চড়াও হয় চিতাবাঘ। সে ভুট্টাবাড়ি এলাকার বাসিন্দা। গলায় আগাত লেগেছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন বাগডোগরার পেরিসেবল কার্গোতে ঘাস কাটছিলেন ওই মহিলা। ঠিক সেই সময় চিতাবাঘ শশীবালা দেবীর উপর আচমকাই হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, শশীবালা দেবীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে এই ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা গিয়ে চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে।
কার্শিয়াং বনবিভাগের DFO হারি কৃষ্ণ জানান, চিতাবাঘের খবর আসতেই বাগডোগরা বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। পাশাপাশি সুকনা বন্যপ্রাণ বিভাগের কর্মীরাও রয়েছে। চিতার খোঁজে তল্লাশি চলছে। দেখামাত্রই তাকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হবে। আর যদি না পাওয়া যায় তাহলে খাঁচা পাতা হবে ওই এলাকায়। আশেপাশে চা বাগান থেকে আসতে পারে বলে ধারণা তার।

