আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: মানহানির অভিযোগে সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠিয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ করে আইনজীবী মারফত সুকান্তকে চিঠি পাঠিয়েছেন রাজীব কুমার। তাতে পাল্টা খোঁচাও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাকে পরোক্ষে ফাইল চোর বলেছেন বিজেপি নেতা। ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর সাগরেদ হয়েছিলেন বলে সাম্প্রতিক ঘটনা মনে করিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার।
বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি চলছে বিজেপির। বিভিন্ন প্রান্তে ঘুরে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। সেই রকমই বেশ কিছু সভায় রাজীব কুমারকে নিশানা দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী বলে জানা গেছে। শিলিগুড়ির মাটিগাড়ার নকশাল বাড়ির এক সভা থেকেও রাজীব কুমারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সভার উল্লেখ করে নোটিসে অভিযোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে রাজীবের চরিত্র হনন করার জন্য এই মন্তব্য করেছেন তিনি। রাজীব কুমারের দাবি, এর জন্য সাত দিনের মধ্যেই সুকান্ত মজুমদারকে সমাজ মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দু’ পাতার চিঠিতে রাজীবের বিরুদ্ধে কিছু মিথ্যে, সাজানো, বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। কয়লা পাচার, গরু পাচার সংক্রান্ত অভিযোগের সঙ্গে রাজীব মিশ্রের নাম জুড়ে দিতে দেখা গেছে সুকান্তবাবুকে বলে অভিযোগ। আর এইসবের কারণেই অপমানিত হয়েছেন রাজীব কুমার।
তবে চিঠির কথা প্রকাশ্যে আসতেই রাজীব কুমারকে পাল্টা বিঁধেছেন সুকান্তবাবু। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ওঁর যা ভাবমূর্তি তা তো আপনারা- আমরা সবাই জানি। ফাইল লোপাটে অভিযুক্ত বলে তাকে অনেকে মনে করেন।তাকে ধরতে সিবিআই গিয়েছিল তার বাসভবনে। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছিল তাতে দেখা গিয়েছে ফাইল চুরি কান্ডে উনি মুখ্যমন্ত্রীর সাগরেদ হয়েছেন। হাতে হাত মিলিয়েছেন। এই যে ভাবমূর্তি তা আমি আর কতটুকু উজ্জ্বল করতে পারব? উনি নিজেই উজ্জ্বল করে রেখেছেন। আদালতের কী কী পর্যবেক্ষণ আছে আপনারা শুনেছেন। প্রয়োজনে আগামী দিনে আমরাও সমাজ মাধ্যমের সামনে আনব। উনি আইনি পথে লড়তে চেয়েছেন, আমরা আইনি পথেই লড়বো। সূত্রের খবর, রাজীবের পাঠানো ঐ আইনি নোটিসের জবাবও দিয়েছেন সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রী।

