সাথী দাস, পুরুলিয়া, ২ মার্চ: অবশেষে আদালতের নির্দেশে তৃণমূলের চার কাউন্সিলরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল ঝালদা থানা। ঝালদা পুরসভার চার কাউন্সিলর ৫ নম্বর ওয়ার্ডের সুদীপ কর্মকার, ৭ নম্বর ওয়ার্ডের রিজওয়ানা খাতুন, ১১ নম্বর ওয়ার্ডের পূর্ণিমা বাগতি ও ১০ নম্বর ওয়ার্ডের জবা মাছোয়ারের বিরুদ্ধে ঝালদা থানায় এফআইআর দায়ের করে পুলিশ।

ভারতীয় দণ্ডবিধির ৩৭৯, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়। চলতি বছরের ১৬ জানুয়ারি এঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন কংগ্রেসের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব কয়াল। ১৬ জানুয়ারি নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই তৃণমূল কংগ্রেসের ওই চারজন কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় ঝালদা থানায়, মহকুমা পুলিশ আধিকারিক এবং পুলিশ সুপারের কাছে মেইল মারফৎ অভিযোগ দায়ের করেছিলেন কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল। ঝালদা পৌরসভায় পৌরপ্রধান নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই ব্যালট পেপার হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসেন ওই চারজন তৃণমূল কাউন্সিলর।
যদিও ঝালদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল ওই দিন নির্বাচনের সময় ব্যালট পেপার হাতেই নেননি। বাকি চারজন তৃণমূল কাউন্সিলর যারা ব্যালট পেপার হাতে নিয়েছিলেন তাঁরা তা জমা না দিয়েই বাইরে বেরিয়ে আসেন। ওই চারজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঝালদা থানায়, মহকুমা পুলিশ আধিকারিক এবং পুলিশ সুপারের কাছে মেইল মারফৎ অভিযোগ দায়ের করলেন কংগ্রেস কাউন্সিলার বিপ্লব কয়াল। তাঁর অভিযোগ, ব্যালট পেপার জমা না দিয়ে বেরিয়ে যান তৃণমূলের চারজন কাউন্সিলর। এটা বেআইনি। ঝালদা থানা অভিযোগ নিতে অস্বীকার করলেও মেইল মারফৎ অভিযোগ জানিয়েছিলেন তিনি।

