স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ সেপ্টেম্বর: বিজেপি এবং তৃণমূলকে এক বলছি না, তবে কোন নেতা কখন কোথায় যাচ্ছে তা বুঝতে পারছে না সাধারণ মানুষ। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িককে এভাবেই কটাক্ষ করলেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
উল্লেখ্য, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৯ তম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রবিবার রায়গঞ্জের ছন্দম মঞ্চে একটি আলোচনা সভায় যোগ দিতে আসেন সূর্যকান্ত মিশ্র। এদিনের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সূর্যকান্তবাবু। সভায় যোগ দিতে যাওয়ার আগে উত্তর দিনাজপুরের সিপিএমের জেলা কার্যালয় বসে তিনি বলেন, মোদী সরকার আমাদের দেশের। যে ক্ষতি করে চলেছে বিগত দিনে এত বড় ক্ষতি কখনও হয়নি। মানুষের সার্বিক উন্নয়নের কথা ভুলে গিয়ে, নানা রকম ফন্দি এঁটে এবং পুঁজির ওপর নির্ভর করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। বামপন্থীরা চিরকাল বিজেপিকে প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে। তাই বিজেপি বিরোধী, বামপন্থী, ধর্মনিরপেক্ষ যে কোনও শক্তিকেই স্বাগত জানায় তাদের দল বলেও মন্তব্য করেন সূর্যবাবু।
অন্যদিকে, ভবানীপুরের উপ নির্বাচন প্রসঙ্গে তাঁর বক্তব্য, রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই বামপন্থীরা তাদের লড়াই সর্বদা জারি রাখতে চায়। সে কারণে ভবানীপুরে প্রার্থী দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। অন্যদিকে, অজানা জ্বরে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ভয় বা বিভ্রান্তি ছড়িয়ে নয়। সঠিকভাবে নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শিশু মৃত্যুর কারণ নির্ণয় করা হোক। তা হলেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।

