অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ২৯ জানুয়ারি: কর্মরত সাংবাদিককে কবীর সুমনের অশালীন মন্তব্যের কড়া সমালোচনা করলেন বামপন্থী নেতা তথা ইউটিইউসি-র প্রেসিডেন্ট অশোক ঘোষ। তিনি কবীর সুমনকে সামাজিকভাবে বয়কট করার কথা বললেন।
শনিবার অশোকবাবু এই প্রতিবেদককে জানান, “গায়ক সুমন চাটুজ্যে অনেকবার রঙ বদল করেছেন। এই তথ্য অজানা নয়। অনেকটাই “প্রজাপতি মধু খায় ফুলে ফুলে উড়ে যায়।” যেখানে মৌবন সেখান সুমন। অশালীন ও অসৌজন্যে পূর্ণ।
‘গদি মিডিয়ার ও পেড মিডিয়ার’ হলুদ সাংবাদিকতার বিরোধীতা আমরা করি। কিন্তু কর্তব্যরত সাংবাদিকের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ কোনো সভ্য নাগরিক করতে পারেন না। সুমন “শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ।“
যোগ্যতার থেকেও অনেক বেশি প্রাপ্তিযোগ ঘটলে আত্ম বিচ্যুতি হয়। কার্যত কোনও মূল্য না দিয়েই রাজনৈতিক সুবিধা, সাংসদ হওয়ার কারণে সর্বাধিক সুযোগ সব কিছুই আত্মসাৎ করেছেন। এক ধরণের মেগালোম্যানিয়াক মানসিকতা। এই সময়ের সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে সুমনের আর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। এদের সামাজিক বয়কট করা উচিত।
মনে হয় ওর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনও পাবেন না।“

