ব্রিগেড অভিযানে শক্তি বৃদ্ধির ইঙ্গিত বামেদের

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ ফেব্রুয়ারি: জঙ্গলমহল থেকে বাসে করেই ব্রিগেড অভিযানে গেলেন বাম নেতা কর্মীরা। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এলাকা ভিত্তিক বাসের ব্যবস্থা করা হয়েছিল। দুই জেলা থেকে প্রায় ৭০টি বাসের ব্যবস্থা করেন বাম কর্মীরা। ব্রিগেড অভিযানে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর ও  ঝাড়গ্রাম জেলা থেকে এত সংখক গাড়ির ব্রিগেড মুখি হওয়াটা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

একুশের বিধানসভা নির্বাচনের আগে জঙ্গল মহলে বাম সংগঠনগুলি যে কিছুটা নড়াচড়া শুরু করেছে তা এই ব্রিগেড অভিযানে স্পষ্ট হয়েছে। ২০১১-র পর থেকে যত দিন গেছে ক্রমশ ছোট হয়েছে বাম সংগঠনগুলো। সিপিএমের একটা বড় অংশের বিজেপিতে চলে যাওয়ার অভিযোগ বরাবরই উঠেছে। তবে আজকের ব্রিগেড অভিযানে সেই  ছবি অনেকটাই বদলের ইঙ্গিত দিচ্ছে। কেশপুর, ঝাড়গ্রাম ও মেদিনীপুরের সিপিএমের কর্মসূচিতে ফের লোক সমাগম লক্ষ্য করা গেছে। আজকের ব্রিগেড অভিযান থেকে তাদের ক্রমবর্ধমান জনসমর্থন আরও স্পষ্ট হয়েছে। যথেষ্ট সংখ্যক বাস এবং এবং প্রতিটি বাসেই কর্মী সমর্থকদের ভিড় দেখা গেছে। বিভিন্ন জায়গা থেকে মুড়ি বিস্কুট রাস্তা খরচ হিসেবে সংগ্রহ করেছে কর্মী সমর্থকরা। শনিবার রাত থেকে বাসগুলি রওনা দিয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে। সাম্প্রতিককালে বামসংগঠনের এই শক্তিবৃদ্ধি জঙ্গল মহলের ভোটের হিসাবে অনেকটাই বদল ঘটাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *