প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে, বনগাঁয় ফুলশয্যার রাতে শ্রীঘরে প্রেমিক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ এপ্রিল: প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে বিয়ে করে প্রেমিক। প্রেমিকার অভিযোগের ভিত্তিতে ফুলশয্যা রাতে শ্রীঘরে প্রেমিক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার দেবীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অভিজিৎ দাস। একটি বেসরকারি সংস্থায় কর্মরত।

প্রেমিকার অভিযোগ, তাদের প্রায় আট বছরের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছে অভিজিৎ। এমনকি দু’ দুবার গর্ভপাত করাতে হয়েছে প্রেমিকাকে। এরপরেও প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছে অভিজিৎ। প্রেমিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

প্রেমিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী মৌমিতা সরকারের সঙ্গে অভিজিতের আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই কথা দুই পরিবারের লোকজন জানতেন। নিয়মিত ঘুরতে যাওয়া, খাওয়া-দাওয়া, মেলামেশা সবকিছু চলছিল তাদের। মাস তিনেক আগে ঘটে প্রেমে ছন্দ পতন। সম্পর্কের টানাপোড়েনে মৌমিতার সঙ্গে সম্পর্ক ছেদ করতে চাইছিল অভিজিৎ। প্রেমিকা মৌমিতার অভিযোগ, মাস তিন আগে অভিজিৎ তাঁর বাবার সঙ্গে দিঘায় যাচ্ছে বলে তাঁকে জানিয়েছিল। বাড়ি ফিরে প্রেমিকার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। তারপর মৌমিতা ও তার পরিবার খোঁজ খবর নিয়ে জানতে পারেন অভিযুক্ত যুবক শিলিগুড়ি এলাকায় গোপনে রেজিস্ট্রি ম্যারেজ করেছে অন্য একটি মেয়ের সঙ্গে।

ওই মেয়েকে শিলিগুড়ি থেকে গাইঘাটার দেবীপুর এলাকায় এনে গত বুধবার সামাজিক ভাবে বিয়ে করে। এরপরই গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে প্রেমিকা। অভিযোগ মৌমিতার সঙ্গে দীর্ঘদিন প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করে অভিযুক্ত। তার সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছে সে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে শুক্রবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, তারা জানতে পারে অভিযুক্ত যুবক শুক্রবার রাতে গোবরডাঙ্গার একটি বাড়িতে বৌভাতের অনুষ্ঠান করছে। বৌভাতের আসর থেকে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে বনগাঁ মহকুমা আদালতে তাকে পাঠাবো হয়।

মৌমিতা বলেন, অভিজিৎ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার শারীরিক সম্পর্ক করেছে ৷ দু-বার গর্ভপাত করাতে হয় আমাকে। আমি ওকে আর বিয়ে করতে চাই না। আমি চাই আইনের মাধ্যমে অভিজিৎ উচিত শিক্ষা পাক।

অভিযোগ অস্বীকার করে ছেলের বাবা অচিন্ত্য দাস। তিনি বলেন, ওই মেয়েটিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আমার ছেলেকে বিয়ে করতে চায় কি না। বিয়ে করবো না বলে জানিয়ে কয়েক লক্ষ টাকা দাবি করেছিল। মিথ্যা সহবাসের অভিযোগ। আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে মেয়ে ও তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *