বিজেপির বিরুদ্ধে একজোট হওয়া দলে তৃণমূল থাকলে বামফ্রন্টের গায়ে ফোসকা পড়বে না: বিমান বসু

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ২০২৪ -র লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে তৃণমূল থাকলেও বামেদের কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ বিকেলে তমলুকের নিমতৌড়িতে সিপিএমের জেলা পার্টি অফিসে সুকুমার সেনগুপ্তর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এই মূর্তির আবরণ উন্মোচন করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সীতারাম ইয়েচুরি ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য মিনতি ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম কমিটির সম্পাদক নিরঞ্জন সিহি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

আজ এই অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম থেকেও পার্টি নেতৃত্ব আসেন যোগ দিতে। সীতারাম ইয়েচুরি তাঁর বক্তৃতায় কেন্দ্রের বিজেপি সরকারের নীতির সমালোচনা করেন। উঠে আসে ত্রিপুরা রাজ্যের প্রসঙ্গ। তিনি বলেন, ত্রিপুরায় বিজেপির হাতে সিপিএমের নেতা কর্মীরা অত্যাচারিত হচ্ছে। অনুষ্ঠানের শেষে এদিন বিমান বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ২০২৪ -র লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে অনেক দল থাকবে, থাকবে তৃণমূল। তৃণমূল থাকলেও বামপন্থীদের থাকার কোনও অসুবিধা নেই। বিজেপি বিরোধী জোটে তৃণমূল সামিল হলেও বামফ্রন্টের গায়ে ফোসকা পড়বে না বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *