আসন টানাটানি! শরীকি কাজিয়ায় বামফ্রন্ট ছাড়লো ফরওয়ার্ড ব্লক, বালুরঘাটে বামেদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে দুটি ওয়ার্ডে লড়াই ফরওয়ার্ড ব্লকের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ ফেব্রুয়ারি: আসন ভাগাভাগি নিয়ে শরীকি কাজিয়ায় বামফ্রন্ট ছাড়লো ফরওয়ার্ড ব্লক। বালুরঘাটে পুর নির্বাচনে দুটি আসনে প্রার্থী ফরওয়ার্ড ব্লকের। অস্বস্তিতে লালঝাণ্ডা শিবির। যদিও ফরওয়ার্ড ব্লকের এই আলাদা করে প্রার্থী দেওয়াকে কোনো গুরুত্বই দিতে চাননি আরএসপির রাজ্য সম্পাদক।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার সাথে নির্বাচন রয়েছে বালুরঘাট পুরসভাতেও। যেখানে ২৫ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা তৈরি করতে রীতিমতো হোঁচট খেয়েছেন বাম নেতৃত্বরা। আসন সমঝোতা না হওয়ায় শহরে ঐক্য ভেঙেছে বামেদের। আলাদা করে দু’টি ওয়ার্ডে প্রার্থী দিয়ে বামেদের বিরুদ্ধেই লড়াইয়ের ময়দানে নেমেছে ফরওয়ার্ড ব্লক। যাকে ঘিরে রীতিমতো শোরগোল পরিস্থিতি গোটা বালুরঘাট শহরে। যদিও ফরওয়ার্ড ব্লকের দাবি, ২৫ টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটি আসনের দাবি করেছিলেন তারা। কিন্তু তা না মানায় দলগতভাবে তাদের এমন সিদ্ধান্ত।

জানাগেছে, শহরের ১২ নম্বর ওয়ার্ডের বামপ্রার্থী ধীরাজ বসুর বিরুদ্ধে এবারের পুরভোটে লড়াই করছেন ফরওয়ার্ড ব্লকের বালুরঘাট লোকাল কমিটির সম্পাদক প্রবীর দাস। একইভাবে ২৪ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী নিবেদিতা মান্নার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন এলাকার বাসিন্দা সঙ্ঘমিত্রা আউধ দাস। শুরু হয়েছে তাদের নির্বাচনী প্রচার। আর যাকে ঘিরে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বাম শিবির।

ফরওয়ার্ড ব্লকের বালুরঘাট লোকাল কমিটির সম্পাদক তথা ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রবীর দায়া বলেন, একটিমাত্র ওয়ার্ডের দাবি রাখা হয়েছিল তাদের তরফে। যা বামফ্রন্ট নেতৃত্ব না মানায় তারা শহরের দুটো আসনে সিংহ মার্কা চিহ্ন নিয়ে পুরভোটে লড়াই করছেন। মানুষের কাছে গিয়ে আলাদাভাবে ভোট দেবার দাবিও জানাচ্ছেন তারা। দুটি ওয়ার্ডে মানুষ তাদেরই ভোট দিয়ে নির্বাচিত করবে।

আরএসপির রাজ্য সম্পাদক তথা বামফ্রন্ট নেতা বিশ্বনাথ চৌধুরী বলেন, সিপিআই মানলেও ফরওয়ার্ড ব্লক তাদের নির্দেশ মানেনি। আর তাই আলাদা করে প্রার্থী দিয়েছে তারা। যার কোনো প্রভাব পড়বে না বালুরঘাটে। ২৫ টি ওয়ার্ডেই তারা একশো শতাংশ জেতার ব্যাপারে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *