শান্তিপূর্ণ ভোটের দাবিতে বামফ্রন্টের ডেপুটেশন জমা দিতে গিয়ে ধুন্ধুমার টিটাগড়ে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ ফেব্রুয়ারি: রবিবার দুপুরে বামফ্রন্টের তরফ থেকে পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার দাবি নিয়ে ডেপুটেশন জমা দিতে যায় টিটাগর থানায়। অভিযোগ, বামফ্রন্ট নেতৃত্ব ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় টিটাগর থানার পুলিশ মাইকের তার ছিঁড়ে দেয় ও পাশাপাশি বামফ্রন্ট কর্মীদের ওপর লাঠিচার্জ করে। ঘটনায় ৩ জন বামফ্রন্ট কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে পৌর ভোট যাতে সুষ্ঠ ও
শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় তার জন্য ডেপুটেশন দিতে যান বাম কর্মী ও সমর্থকরা। সেই সময় তারা থানার সামনে মাইক দিয়ে তাদের বক্তব্য বলতে শুরু করেন। সেই সময় পুলিশ কর্মীরা এতে বাধা দেন এবং মাইক বন্ধ করতে বলেন। এমন কি মাইকের তার কেটে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় বাম কর্মীদের সাথে পুলিশের বচসা বাধে এবং ধস্তাধস্তি শুরু হয়। এরপর পুলিশ এই বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ টিটাগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বামফ্রন্টের কর্মী সমর্থকরা।

এদিন বামফ্রন্টের তরফ থেকে অভিযোগ করা হয়, “আমরা শান্তিপূর্ণ ভোটের দাবিতে ডেপুটেশন দিতে এসেছিলাম কিন্তু পুলিশ আমাদের কর্মীদের ওপর চড়াও হয়েছে, লাঠিচার্জ করেছে। আমরা এই ঘটনা থেকে বুঝে গেছি যে পুলিশ তৃণমূলের উর্দিধারী হয়ে গেছে। পুলিশ এখন থেকেই ভোট লুঠ করতে নেমে পড়েছে। তাহলে আর কি করে করে শান্তিপূর্ণ হবে।” এই গোটা ঘটনার সম্পর্কে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানান বামফ্রন্ট নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *