স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ মার্চ:
পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল বাম-কংগ্রেস জোট। এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত এবং জেলা বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলের এই প্রতিবাদ মিছিল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়।

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকার এবং রাজ্যের স্বৈরাচারী সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের যেভাবে মূল্যবৃদ্ধি ঘটছে তা নিয়ে এই দুই সরকারের কোনও ভাবনা চিন্তা নেই। তারা ভোট নিয়েই রাজনীতি করে যাচ্ছে। মানুষের এই দুর্বিষহ অবস্থা নিয়ে বাম-কংগ্রেস লড়াই করছে। ভোট শুরু হলেও এই ইস্যু নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন বাম-কংগ্রেস নেতৃত্ব।

