উত্তর দিনাজপুরে বাম-কংগ্রেসের জোটে জট

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৫ ফেব্রুয়ারি: বাম-কংগ্রেসের নির্বাচনী জোটে জট লেগেছে উত্তর দিনাজপুর জেলায়। সিপিআই–এর ইটাহার বিধানসভা আসন দাবি করে বসেছে কংগ্রেস। আর তা নিয়ে বাম-ডানের জোটে বিতর্ক তৈরি হয়েছে। আগের চাইতে সংগঠনের শক্তি বৃদ্ধি ও দলের কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবারে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা আসন দাবি করেছে কংগ্রেস।

২০১১ আগে পর্যন্ত বামফ্রন্ট সরকারের আমলে তিন তিনবার বিধায়ক এমনকি রাজ্যের মন্ত্রিসভার সদস্য ছিল সিপিআইয়ের ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায়। এবারেও বামফ্রন্টের প্রার্থী তিনিই। এমনটাই রাজ্য বাম-কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সবদিক থেকেই প্রস্তুত রয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায়। তার পরেও জেলা কংগ্রেস থেকে ইটাহার আসন দাবি করায় নতুন করে জোটে জট তৈরি হয়েছে। যদিও বাম-কংগ্রেস জোট নেতৃত্ব জানিয়েছে নিচুতলার নেতা কর্মীরা দাবি করতেই পারেন তবে জোটের রাজ্য শীর্ষ নেতৃত্ব কংগ্রেস বা বামফ্রন্ট যাকেই প্রার্থী করবে তার হয়েই প্রচার করবে দুই দল।

একটা সময় ছিল উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রটি ছিল কংগ্রেসের ডাকসাইটে নেতা ডাঃ জয়নাল আবেদীনের দখলে। ডাঃ জয়নাল আবেদিন জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকারের আমলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। কিন্তু এরপর তরুন তুর্কি সিপিআই নেতা অধ্যাপক ডঃ শ্রীকুমার মুখার্জি কংগ্রেসের সেই গড় ভেঙে চুরমার করে বিধায়ক হন। প্রায় ১৫ বছর ধরে রাজ্যের বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। মূলত সিপিএম এর সংগঠনের উপর ভর করেই ইটাহার বিধানসভা দীর্ঘদিন ধরে বামফ্রন্টের দখলে থাকে। মন্ত্রী শ্রীকুমার মুখার্জির আগেও এই বিধানসভা কেন্দ্রে সিপিআই থেকে বসন্তলাল চ্যাটার্জি এবং স্বদেশ চাকিও বিধায়ক হয়েছিলেন। কিন্তু বামফ্রন্টের এই দূর্গ ভেঙে যায় ২০১১ সালে মমতা বন্দোপাধ্যায়ের ঝড়ে।

এরপর ধীরে ধীরে ইটাহারে সিপিআই, সিপিএম তথা বামফন্টের শক্তি একেবারের তলানিতে নেমে আসে। অপরদিকে কংগ্রেস আবার তাদের সংগঠন ধীরে ধীরে বাড়াতে শুরু করে কিছুটা শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেস নির্বাচনী জোট বেঁধে ২৯৪ টি আসনে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে। সিংহভাগ আসনেই তাদের মধ্যে জোট চুড়ান্ত হয়ে গিয়েছে। দীর্ঘদিন বামফ্রন্টের দখলে থাকা এই ইটাহার আসনটি সিপিআই প্রার্থী ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায় দাঁড়াবেন এটাই সিদ্ধান্ত হলেও জেলা কংগ্রেস থেকে এই আসন দাবি করা হয়েছে।

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, ইটাহার বিধানসভা কেন্দ্রে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে, সেই হিসেবে আমরা দাবি করেছি। তবে রাজ্য বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটাকেই চুড়ান্ত বলে আমরা মেনে নেব।

এব্যাপারে ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায় বলেন, নিচুতলার নেতা কর্মীদের এই দাবি নিয়ে আমরা চিন্তিত নই। তাঁর অভিযোগ, অনেকেই ভেবেছেন যদি কোনওরকমে একবার টিকিট পেয়ে বিধায়ক হওয়া যায় তাহলে পরবর্তীতে মোটা অঙ্কের বিনিময়ে অন্য দলে বিক্রি হয়ে যাবেন। তবে সাধারন মানুষের বাম-কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপর ভরসা রাখলে এবার বাম-কংগ্রেস জোটের ফল নিশ্চয়ই ভালো হবে।

উত্তর দিনাজপুর জেলা বামফন্টের আহ্বায়ক অপুর্ব পাল জানিয়েছেন, নিচুতলার নেতাকর্মীরা কে কি দাবি করল তা নিয়ে ভাবনার বিষয় নয়। এবার তৃনমূল ও বিজেপিকে পরাস্ত করতে বাম-কংগ্রেস জোটের উপর আমাদের ভরসা করে ঐক্যবদ্ধ নির্বাচনী লড়াইয়ে নামতে হবে। আসন বন্টন নিয়ে বাম-কংগ্রেস জোটের শীর্ষ নেতৃত্বই ঠিক করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *