৩২ বছর পর চন্দননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়

আমাদের ভারত, হুগলি, ২৯ জুন: চন্দননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সুজিত নাথকে পিছনে ফেলে জয়ী হলেন অশোক গঙ্গোপাধ্যায়। তাঁর এই জয় বামেদের কাছে একটা বড় সাফল্য।

উল্লেখ্য, ৩২ বছর পর ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হল বাম প্রার্থী। স্বাভাবিকভাবেই এই জয় বামেদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিনের ভোট গণনার শেষে দেখা যায়, তৃণমূল প্রার্থীর পরে তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমেন দাস এবং চতুর্থস্থানে কংগ্রেস প্রার্থী মুকুল দে।

জানা গিয়েছে, চন্দননগর পুরনিগম নির্বাচনের প্রাক্কালে মৃত্যু হয় ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুলচন্দ্র পালের। এই কারণে ওই ওয়ার্ডে ভোট স্থগিত হয়ে গিয়েছিল। চলতি মাসের ২৬ জুন অন্যান্য পুরসভার উপ-নির্বাচনের সঙ্গে চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেরও ভোটগ্রহণ হয়।

এবারে চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন সৌমেন দাস। সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল প্রার্থী সুজিত নাথ এবং কংগ্রেস প্রার্থী মুকুল দে।

বুধবার সকালে ভোট গণনার শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। তবে গণনার প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। অশোক বাবুর হাত ধরে ৩২ বছর পর ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হল বামেরা। রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেই বামেদের এই জয় স্বভাবতই বড় সাফল্য বলে মনে করছেন বামপন্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *