আমাদের ভারত, ১০ আগস্ট: তালিবানি হামলায় অবরুদ্ধ আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহর। হামলার আশঙ্কায় ওই শহর থেকে ভারতীয়দের ফেরানোর জন্য বিশেষ ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। বিশেষ বিমানে ওই শহরে থাকা ভারতীয়দের ফেরানো হবে বলে জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই আফগানিস্থানের চতুর্থ বৃহত্তম শহর মাজার ই শরিফে তানিবান জঙ্গিদের সঙ্গে আফগান সেনার তুমুল লড়াই চলছে। চারিদিক থেকে শহরকে ঘিরে ফেলার চেষ্টা করছে জঙ্গিরা। এই শহরে বসবাসকারী ভারতীয়দের যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয় সেই কারণে এই উদ্যোগ নিয়েছে নয়া দিল্লি।
মঙ্গলবার একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ওই শহরে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। আফগানিস্থানে ভারতের রাষ্ট্রদূত এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে বলা হয়েছে মাজার ই শরিফ শহর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে বিশেষ বিমান ছাড়া হবে। ওই শহর এবং সংলগ্ন এলাকায় থাকা ভারতীয়দের এই বিমানের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
বিবৃতিতে আরো বলেছে, যারা ভারতে ফিরতে চাইছেন তারা দ্রুত তাদের নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের সময়সীমা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান। তার জন্য দুটি নাম্বারও দেওয়া হয়েছে, নম্বরগুলো হলো, 078 5891 303 এবং 078 5891 301।
ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রদেশ তালিবানদের দখলে চলে গিয়েছে তার মধ্যে রয়েছে শেবেরগান, কুন্দুজ এবং তালোকান। এবার মাজার-ই-শরিফকে নিজেদের দখলে আনার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তালিবান জঙ্গিরা। এই শহরে থাকা ভারতীয়দের সংখ্যা নেহাত কম নয় তাদের নিরাপত্তার কথা ভেবেই ওই শহর থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার।

