কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় তৃণমূল নেতার নামে দুর্নীতি নিয়ে লিফলেটে চাঞ্চল্য

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট এলাকার মেচেদা বাজারে তৃণমূল নেতৃত্বের দুর্নীতি নিয়ে ছড়ানো লিফলেট নিয়ে চঞ্চল্য এলাকায়। পূর্ব মেদিনীপুরের মেছেদা বাজার এলাকায় আবারও কেউ বা কারা বিতর্কিত লিফলেট ছড়িয়েছে তৃণমূলের নেতার দুর্নীতি নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে ছড়ানো হয়েছে এই লিফলেট। তবে লিফলেটে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতির নামে। কিন্তু কোনও নেতা বা নেত্রীর নাম সরাসরি উল্লেখ নেই।

প্রসঙ্গত গত সপ্তাহেও একইরকম ভাবে পোষ্টার ছড়ানো ছিল মেছেদা চত্বরে। এই লিফলেটের প্রচারক হিসেবে তৃণমূল শ্রমিক সংগঠনের নাম দেওয়া আছে। প্রচারক হিসাবে কারো নাম নেই। তবে এবারের এই অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা দিব্যেন্দু রায় সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি আরো বলেন, যারা করছে রাতের অন্ধকারে করছে। তার নামে মিথ্যে অভিযোগ তুলে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। যারা লিফলেটটি ছাপিয়েছে লিফলেটে তাদের কারোর নাম উল্লেখ নেই। বিষয়টি কে বা কারা করছে থানায় তদন্তের জন্য জানানো হয়েছে।

পাশাপাশি এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মাইতি জানান, এসব বিজেপির চক্রান্ত। দিব্যেন্দু বাবু যথেষ্টই রাজনৈতিকভাবে স্বচ্ছ মানুষ। ভোটের আগে দলকে কালিমালিপ্ত করতেই তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সংগঠনের নামে ভিত্তিহীন অভিযোগ দিয়ে লিফলেট ছড়ানো হয়েছে।

এই পোষ্টার প্রসঙ্গে মেছেদা এলাকার বিজেপি নেতা বামদেব গুছাইত জানান, তৃণমূল নেতারা টাকা ছাড়া কিছু চেনেন না। তাপবিদ্যুৎ কেন্দ্রে একাধিকবার এই রকম বিতর্কিত পোষ্টার সেটাই প্রমাণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *