রাজ্য নেতৃত্বের অনুমতি ছাড়াই মিলছে নেতাদের পদ! দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের ঘোষিত ইলেকশন কমিটি ঘিরে বিতর্ক

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ইলেকশন কমিটি ঘিরে জোর বিতর্ক দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলা কমিটি ঘোষণা না হতেই একাধিক নেতার নামে পড়লো পদাধিকারী সিলমোহর। অবাক নেতা কর্মীরা প্রকাশ্যে ক্ষোভ উগড়ালেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে কার্যত প্রকাশ্যে এসেছে শাসক দলের অন্দরের কোন্দল।

জানাগেছে, পঞ্চায়েত নির্বাচনে দলকে শক্তিশালী করতে জেলার আটটি ব্লকেই এদিন ইলেকশন কমিটি তৈরী করে শাসক দল। যে তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনা নিয়ে কেউ কেউ যুব নেতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্ষোভ উগড়েছেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে ঘোষিত ওই তালিকা থেকে বাদ পড়েছেন জেলার প্রথম সারির একাধিক নেতৃত্ব। সহকারী সভাধিপতির নাম থাকলেও অজানা কারণে তালিকা থেকে বাদ পড়েছেন খোদ সভাধিপতি লিপিকা রায়। একইভাবে তালিকায় বাদ পড়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা মহিলা নেত্রীর নামও। তবে সেই তালিকায় উঠে আসা একাধিক যুব নেতৃত্বর নাম নিয়েই জোড়ালো প্রশ্নের মুখে পড়েছেন দলের নেতৃত্বরা। শুধু তাই নয়, রাজ্য থেকে জেলা কমিটি ঘোষণা না হতেই একাধিক নেতার নামের পাশে ভুয়ো দলের পোস্ট লাগানোকে ঘিরেও বিতর্কে পড়েছেন জেলা নেতৃত্বরা। যেখানে কুমারগঞ্জ ও কুশমন্ডির দুই যুব নেতার নামের পাশে সাধারণ সম্পাদক পদ লেখা হয়েছে। আর যাকে ঘিরেই জোর বিতর্কের মুখে পড়েছেন খোদ জেলা সভাপতি।

পুরনো কমিটিতে তাদের নাম না থাকা এবং নতুন কমিটি ঘোষণা না হবার পরেও কিভাবে তাদের নামের পাশে সেই পদ দেওয়া হল? তা নিয়েই দলের অন্দরে প্রশ্নের মুখে পড়েছেন জেলা নেতৃত্বরা। তবে কি রাজ্য নেতৃত্বের অনুমতি ছাড়াই মিলছে নেতৃত্বদের পদ? এমন সব প্রশ্ন তুলেই সরব হয়েছেন জেলার একাধিক হেভিওয়েট তৃণমূল নেতৃত্বরা। অনেকে আবার এই ঘটনা নিয়ে যুব নেতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্ষোভ উগড়েছেন সোশ্যাল মিডিয়ায়।

যদিও জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকারের দাবি, রাজ্যের নির্দেশে এদিন ওই কমিটি ঘোষণা করা হয়েছে। পুরনো কমিটিতে যারা ছিলেন তাদের পদাধিকারী উল্লেখ করেই কমিটি ঘোষণা করা হয়েছে বলেও সাফাই দিয়েছেন তিনি।

জেলা যুব সভাপতি অম্বরিশ সরকার অবশ্য সেই যুক্তি উড়িয়ে দিয়েছেন। তার দাবি, নির্বাচন করবার জন্য দল যাদের প্রয়োজন মনে করেছেন তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *