আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: তমলুক আদালতের নতুন ভবনের উদ্বোধনের প্রথম দিনই আইনজীবীদের বিক্ষোভ নতুন ভবনের সামনে। জেলা জজের দুর্ব্যবহারের প্রতিবাদে আগামী শুক্রবার পর্যন্ত আদালত বয়কটের ডাক দিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নতুন আদালত ভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়। এর পরেই আইনজীবীরা তাদের বসার জন্য সেরেস্তাঁ সরিয়ে নিয়ে আসে নতুন ভবনের সামনে। এর পরেই জেলা জজ গোপালচন্দ্র কর্মকার নিজে গিয়ে আইনজীবীদের বসার জন্য পাতা সমস্ত চেয়ার সরিয়ে দেন যার ফলে ক্ষুব্দ হয় আইনজীবীরা। তাদের দাবি, নতুন ভবনেরের আশপাশে আইনজীবীদের বসার জায়গা না করতে দিলে কাজ করতে সমস্যা হবে আইনজীবিদের। ফলে যতক্ষণ না আইনজীবীদের বসার ব্যবস্থা করা হবে ততক্ষণ কাজ বন্ধ থাকবে এমনটাই জানায় আইনজীবীরা। নতুন ভবনের বাইরে বসার জায়গার দাবিতে আইনজীবীরা পূর্ব মেদিনীপুর জেলা আদালতের ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

আইনজীবীদের দাবি, তাদের সেরেস্তাঁ সরানোর সময়ে আইনজীবীদের উদ্দেশ্য করে জেলা জজ আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং কটুকথা ব্যবহার করেছেন। তাই তাদের দাবি, জেলা জজ যতক্ষণ না ক্ষমা স্বীকার করছেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চালাবেন। এর পরেই তড়িঘড়ি দুই সিভিল ও ফৌজদারি বারের আইনজীবীরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেন আজ বিকেল থেকে আগামী শুক্রবার পর্যন্ত আদালতের সমস্ত কাজ বয়কট করবেন আইনজীবীরা। যতক্ষণ না পর্যন্ত জেলা জজ গোপাল চন্দ্র কর্মকার ক্ষমা স্বীকার করছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আগামীকাল থেকে অবস্থান-বিক্ষোভ চলবে কোর্ট চত্বরে।

