রাজেন রায়, কলকাতা, ১৭ আগস্ট: শান্তি নিকেতনে পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরা নিয়ে উত্তেজনা ছিলই। সোমবার সকালে স্থানীয় মানুষ জমায়েত হয়ে পাঁচিল ভেঙে দেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এরপরই রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে জানান, বিশ্বভারতীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে শান্তি ফেরানোর চেষ্টা করছি।
এদিন পরপর দুটি টুইট করেন রাজ্যপাল। প্রথম টুইটের লেখেন,‘উপাচার্য জানিয়েছেন, নিয়ম অমান্য করে বেশ কিছু মানুষ পৌষমেলা প্রাঙ্গণে ঢুকে পড়ে, তাণ্ডব চালায়। শিক্ষার মন্দিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
এরপর তিনি আরও একটি টুইট করে জানান, ‘বিশ্বভারতীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। আমি আশাবাদী শান্তির পরিবেশ ফিরবে।’

