প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক আজহারউদ্দিন খান

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ জুন: অবিভক্ত মেদিনীপুর জেলার সাহিত্য ও সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষতি হল। মঙ্গলবার গভীর রাতে প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক আজহারউদ্দিন খান।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। কয়েকবছর ধরে প্রস্টেট ক্যানসার ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মেদিনীপুর শহরের বড়আস্তানার বাসভবনে প্রয়াত হন। আজহারউদ্দিন খান ১৯৩০ সালের ১ জানুয়ারি মেদিনীপুর শহরের মীরবাজারে জন্মগ্রহণ করেন। পেশায় ছিলেন গ্রন্থাগারিক। দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য নেতৃত্ব ছিলেন। আমৃত্যু ছিলেন লেখক শিল্পী সংঘের রাজ্য কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য। অবিভক্ত মেদিনীপুর জেলায় গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শাখা গড়ে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম পুরোধা। ছিলেন সংগঠনের অবিভক্ত মেদিনীপুর জেলার সভাপতি। আমৃত্যু পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। লিখেছেন অনেক পুস্তক। পেশায় গ্রন্থাগারিক হলেও নেশায় ছিলেন  সাহিত্যিক, সাহিত্য সমালোচক ও একনিষ্ঠ সংগঠক। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বাংলা সাহিত্যে নজরুল, বাংলা সাহিত্যে মোহিতলাল, বাংলা সাহিত্যে মহম্মদ শহীদুল্লাহ, বাংলা সাহিত্যে মহম্মদ আব্দুল হাই, রক্তে রাঙ্গানো দিন, দীপ্ত আলোর বন্যা, বঙ্কিমচন্দ্র: অন্য ভাবনায় প্রভৃতি।

তাঁর সম্পাদিত গ্রন্থগুলি হল- “শেকড়ের খোঁজে”, বিদ্যাসাগর স্মরাক গ্রন্থ, মোহিতলালের পত্র গুচ্ছ ইত্যাদি। বুধবার সকালে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই অবিভক্ত মেদিনীপুর জেলার সাহিত্য সংস্কৃতি জগৎ তথা বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। অনেকে তাঁর বাড়িতে গিয়ে শোকজ্ঞাপন করেন। শোক প্রকাশ করেছেন সাহিত্যিক বিপ্লব মাজী, বিজয় পাল, বিবেকানন্দ চক্রবর্তী, মধুপ দে, রোশেনারা খান সহ  অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *