সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৮ জুন: আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি পণ্য বোঝাই ট্রাক। শুক্রবার রাত আড়াটে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের সিডব্লুসি পার্কিংয়ে। প্রথমে একটি ব্লিচিং বোঝাই ট্রাকে আগুন লাগে এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। পাশে থাকা আরও দুটি তুলো বোঝাই ট্রাকে আগুন লেগে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্লিচিং, পেপার ও তুলো বোঝাই ট্রাকগুলির বাংলাদেশের বেনাপোলে যাওয়ার কথা ছিল। দমকলের ৪টি ইঞ্জিন সারারাত ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শনিবার দুপুর পর্যন্ত পোড়া তুলো থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।
শনিবার রাতে যখন বিধ্বংসী আগুন লাগে তখন পাশে থাকা কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে আসে। কিন্তু মুহূর্তের মধ্যে পরপর তিনটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পেট্রাপোল থানার পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় দমকল বিভাগে। বিএসএফ, দমকল এবং পুলিশের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনার মুহূর্তে ওই পার্কিংয়ে প্রায় শতাধিক পণ্য বোঝাই ট্রাক ছিলে। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে চালক না থাকার কারণে বিএসএফ জওয়ানদের বেগ পেতে হয় পাশের গাড়িগুলো সরাতে। জওয়ানদের জন্যই বড়সড় বিপদ থেকে রক্ষা পেল পার্কিংয়ে থাকা অন্যান্য পণ্য বোঝাই ট্রাক।।

প্রাথমিক অনুমান একটি ব্লিচিং বোঝাই ট্রাকে বৃষ্টি জল পড়ার কারণে গাড়িতে আগুন ধরে যায়। পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের প্রধান কার্তিক চক্রবর্তী জানান, সাধারণত ব্লিচিং পাউডারে জল লাগলে বা অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যায়। এ বিষয়ে রপ্তানিকারকদের বহুবার সতর্ক করা হয়েছে যে তারা যাতে এই ব্লিচিং পাউডার টিনের বাক্স বা বিশেষভাবে প্যাকিং করে রাখেন।

