গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুটি গ্রাম থেকে প্রচুর ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করল বিএসএফ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ সেপ্টেম্বর: গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুটি পৃথক জায়গা থেকে প্রচুর পরিমাণে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করল বিএসএফ। একহাজারের বেশি ফেন্সিডিলের বোতল এবং প্রচুর গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে, কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ।

বিএসএফের গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাছারিপাড়া ও খাসমহল এলাকা দিয়ে কয়েকজন পাচারকারী রাতের অন্ধকারে ফেন্সিডিল ও গাঁজা পাচার করবে। সেইমতো জলঙ্গীর ১৪১ ব্যাটেলিয়নের দুই এলাকার বিএসএফ সদস্যরা এলাকায় টহল দিতে থাকে। গভীর রাতে তাদের নজরে পড়ে ৭-৮ জন পাচারকারী মাথায় করে কিছু জিনিস ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিল। বিএসএফ তাদের দাঁড়াতে বললে তারা মাথায় থাকা জিনিসপত্র ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তবর্তী কাকমারি ও কাচারীপাড়া এলাকাতে গা ঢাকা দেয়। যেহেতু এই দুটি গ্রাম সীমান্তবর্তী তাই পাচারকারীরা গ্রামবাসীদের সহায়তা নিয়ে গা ঢাকা দেয়। পরে রাতেই তল্লাশি চালিয়ে ১৪১ ব্যাটেলিয়ান বিএসএফ এক হাজার পঁচিশ বোতল ফেন্সিডিল ও সাড়ে নয় কিলো গাঁজা উদ্ধার করে।

উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল নদীয়া জেলার হুগোলবাড়িয়া থানা ও মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ।

সাংবাদিকদের সামনে, ১৪১ বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট অফিসার এন এস রাউতেলা জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *