কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মার্চ:
১ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচন। ওই দিন অন্যান্য বিধানসভা আসনের সাথে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা আসনে নির্বাচন হবে।
৩০ মার্চ মঙ্গলবার ভোট প্রচারের শেষ দিন। বেলা বাড়ার সাথে সাথে গরম যেভাবে বাড়েছে, পাল্লা দিয়ে ভোট প্রচারের পারদ সেভাবেই বাড়ছে। ভোট প্রচারের শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। ঝান্ডা লাগানো অটো এবং টোটোতে যেমন মাইক প্রচার চলছে, পাশাপাশি মিছিলের মাধ্যমে মানুষকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে রাজনৈতিক দলগুলি।

গত কয়েকদিনে ঘাটালে বিভিন্ন স্থানে তারকা এবং মহাতারকাদের রোড শো হয়েছে। প্রচারের শেষ দিন অর্থাৎ মঙ্গলবার দু-একটি জায়গায় রোড শো হয়েছে।
ঘাটাল শহরে সাধারণ মিছিলের পাশাপাশি টোটো নিয়ে প্রচার। যথারীতি বাড়ি বাড়ি প্রচার চলছে। বলা যেতে পারে, শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলির নেতা এবং কর্মীদের নাওয়া-খাওয়ার সময় নেই। এবারের বিধানসভার ভোট বিশেষ গুরুত্বপূর্ণ কারণ জোড়া ফুল এবং পদ্ম ফুল, দুই যুযুধান শিবিরের কেউই এক ইঞ্চি জমি ছাড়বে না।
পরিবর্তনের স্লোগান দিয়ে বিজেপি ক্ষমতা দখলের জন্য মরিয়া, অপরদিকে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার জন্য বদ্ধপরিকর। সংযুক্ত মোর্চার রাজনীতিতে চলচ্চিত্র জগতের তারকারা সেভাবে না থাকলেও, বাড়ি বাড়ি প্রচারে তারাও মানুষের কাছে গিয়েছেন।
শেষ মুহূর্তের প্রচারে কোনো রাজনৈতিক দলই পিছিয়ে নেই। মিছিল, প্রচার এবং শ্লোগানের প্রতিযোগিতায় প্রত্যেকেই রীতিমতো রেষারেষি করছে।

