সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জুলাই: বড়সড় ডাকাতির ছক বানচাল করল গোবরডাঙা থানার পুলিশ। গ্রেফতার করা হল তিন দুষ্কৃতীকে। বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয়েছে ভোজলি-চপার-ছুরি-তালা ভাঙ্গার রড-সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক উত্তর ২৪ পরগনার মছলন্দপুর রানিডাঙ্গা এলাকার মোড়ের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে গোবরডাঙ্গা থানার পুলিশের একটি দল সেখানে যায়। যদিও সেখানে কাউকে দেখতে পাননি। এর পর সেখানে বেশ কিছুক্ষণ ওৎ পেতে অপেক্ষা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর দেখা যায়, এক এক করে সেখানে জড়ো হচ্ছে বেশ কয়েক জন যুবক। তাদের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছয় ৭-৮ জনে। তাদের প্রত্যেকের হাতেই ছিল ধারালো অস্ত্র। এর পরই পুলিশ তাদের ঘিরে ফেলে। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে তিন জনকে। বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র।
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, ধৃতদের নাম, তাহেজিব হোসেন, বাদুড়িয়া থানার কলসুর এলাকার বাসিন্দা, জয়ন্ত বসু, হাবড়া থানার রাজবল্লভপুর জাহিরতলা এলাকার বাসিন্দা, আব্দুল হালিম গোবরডাঙ্গা থানার বাজেবেলিনি এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিন্তাই করার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হয়।

