স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ মার্চ: জাতীয় সড়কে নাকা চেকিং চালানোর সময় একটি নম্বর বিহীন গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কানকির মজলিসপুরে ৩১নং জাতীয় সড়কে। নাকা চেকিং চালানোর সময় উদ্ধার হয় এই ফেনসিডিল ডিলগুলি।

পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত চারজনের নাম, মহম্মদ কালাম, মহম্মদ আলিম, বিপুল রবিদাস ও মহানন্দ মজুমদার। এদের মধ্যে মহম্মদ কালাম ও মহম্মদ আলিম বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। অন্যদিকে বিপুল রবিদাস ও মহানন্দ মজুমদার উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা। এদিন কানকি ফাঁড়ির পুলিশ আধিকারিক প্রণব সরকারের নেতৃত্বে জাতীয় সড়কে নাকা চেকিং চালানোর সময় নম্বর বিহীন গাড়ি দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হলে উদ্ধার হয় প্রায় ১৩০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল। বাজেয়াপ্ত করা হয়েছে একটি নাইন
এমএম পিস্তল ও ৭টি কার্তুজ। কোথা থেকে তারা এই
ফেনসিডিলগুলি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়।

