স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া থানার অন্তর্গত লাড়ুখোয়া এলাকায় মহঃ আলম নামে এক ব্যক্তির বাড়িতে যৌথভাবে অভিযান চালায় এসটিএফ ও গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। এই ঘটনায় মহঃ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ।

পুলিশ সূত্রে জানাগেছে, অভিযান চালিয়ে ৫টি সেভেন এমএম পিস্তল, ৩টি পাইপগান, ১৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে কি কারণে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুদ রাখা হয়েছিল, কোথা থেকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে তা সমস্তটাই খতিয়ে দেখছে এসটিএফের তদন্তকারী অফিসাররা। বুধবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। এর সাথে আর কে কে এই ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানান এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য।


