টানা বর্ষণে প্লাবিত চোপড়ার বিস্তীর্ণ এলাকা, বিপাকে হাজার হাজার মনুষ, কাঁচা বাড়ির ব্যাপক ক্ষতি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ জুন: টানা বর্ষণে বাংলাদেশের নদীর জলে প্লাবিত হল উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের বিস্তীর্ণ এলাকা। ফলে বিপাকে হাজার হাজার মানুষ। উঠোন ও ঘরের ভেতর দিয়ে বয়ে চলেছে জলের তীব্র স্রোত। ঘটনায় প্রচুর কাঁচাবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এমনকি জলের তলায় চলে গেছে প্রচুর চাষের জমি।

জানা গিয়েছে, বাংলাদেশের করতোয়া নদীর জলে প্লাবিত হয়েছে চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের গোয়াবাড়ি, নয়াহাট সহ বেশ কয়েকটি গ্রাম। রাস্তা ও বাড়ির উপর দিয়ে বয়ে যাচ্ছে নদীর জলের স্রোত। জলের স্রোতের কারণে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে কালভার্টের জল নিকাশি মুখ বন্ধ থাকায় নদীর জল গ্রামের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। বৃষ্টি টানা হতে থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা৷ ব্লকের বিডিও সমীর মন্ডলকে এবিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের। কিন্তু দুভার্গ্যবশত এখনো পর্যন্ত এব্যাপারে তেমন কোনো রক্ষণাবেক্ষণের উদ্যোগ চোখে পড়েনি। এমনকি বহু মানুষ বানভাসি হলেও এলাকায় দেখা মেলেনি ব্লক প্রশাসনের কোনো আধিকারিকের। ফলে ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা নদীর জলে প্লাবিত হওয়ায় কার্যত অসহায় অবস্থা প্রচুর মানুষের।

এ বিষয়ে চোপড়ার বিডিও সমীর মন্ডল টেলিফোনে জানিয়েছেন, “গত সাতদিন ধরে টানা বৃষ্টিতে জল জমেছে। আমরা বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলে বেশ কিছু কালভার্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং বেশ কিছু এলাকায় জল বের করার ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু এলাকায় জল নেমে গেছে। আশা করি খুব শীঘ্রই সব জায়গার জল নেমে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *