পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন লিগ্যাল সেলের সভাপতি গৌতম মল্লিক সহ জেলার বহু বিশিষ্ট আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সূচনায় ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের মধ্যে দিয়ে নবীন আইনজীবীদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা তাঁদের বক্তব্যে মাতৃভাষার গুরুত্ব, ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং আইন পেশায় মাতৃভাষার প্রয়োগের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।
সভাধিপতি প্রতিভা মাইতি তাঁর বক্তব্যে বলেন, মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বিধায়ক সুজয় হাজরা নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং মাতৃভাষার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আইনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত আইনজীবী ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে তা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও নবীন প্রজন্মের প্রতি শুভেচ্ছা জ্ঞাপনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়।

