জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জুলাই: ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের চাকুয়া থেকে তিনটি টিফিন কৌটো উদ্ধারের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে জলের স্রোতে জমির আইল ভেঙ্গে গেলে স্থানীয় বাসিন্দারা পরপর তিনটি টিফিন কৌটো দেখতে পান। এরপর এলাকার বাসিন্দারা ফোন করে ঝাড়্গ্রাম থানার পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে শুক্রবার ভোরে ঘটনাস্থলে ঝাড়্গ্রাম থানার পুলিশ গিয়ে কৌটো তিনটি উদ্ধার করে। তারমধ্যে একটি কৌটো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। বাকি দুটিতে কোনও বিস্ফোরক ছিল না বলে পুলিশ সূত্রে জানা যায়।

পুলিশের ধারণা, এগুলি মাওবাদী আমলের পুরানো মাইন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে চাকুয়া সহ পার্শ্ববর্তী এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এক সময় মাওবাদীদের আনাগোনা ছিল ওই সব এলাকায়। রাজ্যে পরিবর্তনের পর মাওবাদীদের আনাগোনা বন্ধ হয়েছে। স্বাভাবিক ছন্দ ফিরেছে এলাকায়। তবে সেই সময়কার তিনটি টিফিন কৌটো উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

