চোপড়ার কুসুম চা-বাগানের হরিহরপুর শাখার ২৫ একর বাগান বিক্রির প্রতিবাদে জমি দাতা এবং চা বাগান শ্রমিকদের বিক্ষোভ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কুসুম চা-বাগানের হরিহরপুর শাখার ২৫ একর জমির উপর লাগানো চা বাগান বিক্রি করে দেওয়ার প্রতিবাদে জমি দাতা এবং চা বাগান শ্রমিকদের বিক্ষোভ। শনিবার দুপুরে শ্রমিকদের এই বিক্ষোভ ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাগানে কর্মরত শ্রমিকদের দাবি, এই বাগান বিক্রি করতে দেওয়া যাবে না। এই বাগান অন্যত্র বিক্রি হলে কর্মহীন হয়ে পড়বেন তারা। কাজ হারানোর আশঙ্কায় তারা একজোট হয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।

অন্যদিকে জমিদাতাদের দাবি, যদি বাগান বিক্রি করতেই হয়, তাহলে যারা যারা বাগান মালিককে জমি দিয়েছিলেন তাদেরকে জমি ফিরিয়ে দিতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। কুসুম চা-বাগানের মালিকের অনুপস্থিতিতে চা বাগানের ম্যানেজার কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের জেলা যুগ্ম সহ-সম্পাদক কালু সিংহ জানান, বাগান বিক্রি হয়েছে কি না তার সঠিক তথ্য জানা নেই। তবে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে শ্রমিকদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। চোপড়া ব্লকের বিভিন্ন চা বাগান নানান সমস্যার কারণে মালিক কর্তৃপক্ষ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে এই শিল্পকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *