অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ মার্চ:
শনিবার রাতে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার লকাট এলাকায় এক ব্যক্তি পিস্তল হাতে দাপিয়ে বেড়ায় বলে গোপন সূত্রে খবর পায় লালগড় থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ওয়ান শাটার, একটি পিস্তল ও এক রাউন্ড তাজা কার্তুজ লালগড় থানার পুলিশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ধৃত দুস্কৃতির নাম মদন চাকড়ি, তার বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার ইন্দাবৃন্দা গ্রামে। সে কি কারণে ওই এলাকায় এসেছিল তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার তাকে ঝাড়গ্রামের বিশেষ আদালতে তোলা হয়। আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুমিত অধিকারী তাকে চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। লালগড় থানার পুলিশ ওই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার লকাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

