পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: আসন্ন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধিতে রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে। বাংলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা এলাকাতেও এই ঘোষণাকে স্বাগত জানিয়ে দেখা গেল উৎসবমুখর পরিবেশ। এই উপলক্ষে পিংলা এলাকায় মহিলাদের উদ্যোগে পদযাত্রা ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় আজ পিংলা বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাদপুর এলাকায় এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে উপস্থিত মহিলাদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়, যা গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা।

বক্তৃতায় অজিত মাইতি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করেছে। ভাতা বৃদ্ধি মুখ্যমন্ত্রীর সংবেদনশীল ও জনদরদি মানসিকতারই প্রতিফলন।”

উপস্থিত মহিলারাও মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাঁদের সংসার চালাতে বড় সহায়ক হয়েছে এবং ভাতা বৃদ্ধির ফলে তাঁদের দৈনন্দিন জীবন আরও কিছুটা স্বস্তিদায়ক হবে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে পিংলা বিধানসভা এলাকায় মহিলাদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও কৃতজ্ঞতার আবহ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।

