আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ ফেব্রুয়ারি: বরানগর ৫/১/বি কালিচরণ ঘোষ রোডের একটি সোনার দোকানের সিন্ধুক থেকে সমস্ত সোনার গয়না লুঠ গেছে বলে জানান দোকানের মালিক। সোনার পরিমাণ আনুমানিক ৫০০ গ্রাম এর ওপর। দুপুরবেলা বাইকে করে খরিদ্দার সেজে প্রথমে দুজন দোকানে আসে এবং গয়না পছন্দ করে। এরপর এটিএম থেকে টাকা তোলার নাম করে বেরিয়ে গিয়ে কিছুক্ষণ পর আচমকাই আরও দু’জনকে সঙ্গে করে নিয়ে এসে দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। দোকান মালিককে মারধর করে। লুঠপাট করার পর তাকে সিন্দুকের ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে আটকে চলে যায়।

এরপর দোকান মালিক ফোন করে তার পরিবারের লোককে খবর দেয় এবং তারা এসে তাঁকে উদ্ধার করে। ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ মোতায়েন রয়েছে। পরে কলকাতা পুলিশের টিমও আসে।

