আমাদের ভারত, ৪ অক্টোবর: উত্তরপ্রদেশে মৃত কৃষকদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । সোমবার মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে তার সরকার। মৃতদের পরিবারপিছু ৪৫ লাখ এবং আহত চাষীদের পরিবারপিছু ১০ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবে উত্তরপ্রদেশ সরকার। এছাড়াও নিহতদের পরিবারের এক সদস্যকে যোগ্যতা অনুযায়ী চাকরি প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। প্রতিশ্রুতি পাওয়ার পর কৃষকরা বিক্ষোভ ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তারা জানিয়েছে মৃতদেহ সৎকার করা হবে।
কৃষকদের দাবি উত্তরপ্রদেশ প্রশাসন মেনে নিয়েছে। সাংবাদিক বৈঠক করে এডিজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। তিনি জানান কৃষকদের দাবি মেনে এফআইআর করা হয়েছে। হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে গোটা বিষয়টি তদন্ত করা হবে।
রবিবার উত্তরপ্রদেশে বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে পিষে মারার ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। ঘটনার পর থেকে রণক্ষেত্র চেহারা নেয় যোগী রাজ্যের লাখিমপুর। আগুন আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের তিন তিনটি গাড়িতেও।

