আমাদের ভারত, বীরভূম, ২৯ জুন: বীরভূম জেলার বীরচন্দ্রপুরে প্রভু শ্রী নিত্যানন্দের জন্মস্থান, ভক্তদের কাছে যা ‘নিতাই বাড়ি’ নামে খ্যাত। বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য প্রবেশ বন্ধ থাকবে।
বুধবার সেবাইত ও ট্রাস্ট কমিটির সদস্যদের পক্ষে ও শ্রীশ্রী নিত্যানন্দ জন্মস্থানের অধ্যক্ষ নরোত্তম গুপ্ত এ কথা জানিয়ে বলেন, “বিগত প্রায় একমাস ধরে স্থানীয় কিছু দুষ্কৃতি বার বার ‘নিতাই বাড়ি’র সেবক কর্মী-ভক্তদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। সমস্ত পরিস্থিতি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
বুধবার স্থানীয় কয়েকজন আশ্রম এলাকার নিয়ম বলপূর্বক ভঙ্গ করে প্রবেশ করে। কর্তব্যরত কর্মীরা আশ্রমের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তাদের মন্দির চত্বর ত্যাগ করতে বলেন। কিছুক্ষণ পরেই তারা আরও লোকজন নিয়ে কর্তব্যরত কর্মীদের কার্যালয় থেকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করে। এখানেই তারা থেমে না থেকে ওই কর্মীদের বিরুদ্ধেই পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে।

এই অবস্থায় আশ্রমের অধ্যক্ষ সহ সমস্ত বৈষ্ণব, সাধু, সেবক ও কর্মীদের সর্বোপরি আশ্রমের বিগ্রহ মন্দির
ও অন্যান্য অমূল্য সম্পদের নিরাপত্তা বিপন্ন বলে আমরা আশঙ্কা করছি। আমরা বেদনাহত চিত্তে সমস্ত সাধু ভক্ত-অনুগামীদের অনুরোধ করছি পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত আপনারা ‘নিতাই বাড়ি’ আশ্রমে আসবেন না এতে আপনাদের জীবনও বিপন্ন হতে পারে।
শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান ট্রাস্ট’ (নিতাই বাড়ি) এর সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে নিরাপত্তার নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আশ্রমে বহিরাগত ব্যক্তিদের প্রবেশ করতে দেওয়া হবে না এবং সাধারণ দর্শন বন্ধ থাকবে। আমাদের বিশ্বাস শ্রী নিতাই চাঁদের কৃপায় আমরা এই সঙ্কটের মোকাবিলা করতে সক্ষম হবো। ”

