সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ জানুয়ারি: আইনের মাধ্যমে ১০০ দিনের কাজের গ্যারেন্টি হরণ করা চলবে না, VBGRAMG আইন বাতিল, আদালতের রায় মেনে রাজ্যে অবিলম্বে ১০০ দিনের কাজ চালু, শ্রমিকদের অধিকার হরণকারী ৪টি শ্রম কোড বাতিল, কৃষকদের ফসলের লাভজনক দর, পাট্টাদারদের জমির পাট্টা প্রদান, এসআইআর- এর নাম করে দলিত, আদিবাসী ও সংখ্যালঘু তথা সর্বস্তরের শ্রমজীবীদের হয়রানি বন্ধের দাবিতে আজ সিআইটিইউ, কৃষক সমিতি, ক্ষেতমজুর ফেডারেশন ও পশ্চিমবঙ্গ বস্তী উন্নয়ন সমিতির ডাকে বাঁকুড়ার জেলা শাসকের কাছে এক গণ-ডেপুটেশন দেওয়া হয়। বাঁকুড়ার তামলীবাঁধ ময়দানে সমবেত হয়ে শহরের প্রাণকেন্দ্র মাচানতলা পরিক্রমা করে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে ঢোকার মুখে পুলিশ মিছিলটির গতিরোধ করলে মিছিলকারীরা কালেক্টরেটের সামনের রাস্তার ওপরেই বসে পড়ে সেখানেই শুরু হয় এক বিক্ষোভ সভা।

সৌমেন্দু মুখার্জির পৌরহিত্যে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় দাবিগুলির সমর্থনে তথা এই দাবিগুলিতেই ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশের শ্রমিক সংগঠনগুলি দেশজুড়ে যে সাধারণ ধর্মঘট ডেকেছেন এবং সংযুক্ত কিষাণ মোর্চা যে ধর্মঘটকে সমর্থন করেছেন তা সফল করে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সাগর বাদ্যকর, অভয় মুখার্জি ও অজিত পতি। ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা থাকায় ওই দিন পশ্চিমবাংলায় সাধারণ ধর্মঘটের পরিবর্তে শিল্প ধর্মঘট পালন করা হবে এবং পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরিবহন ব্যবস্থাকেও ধর্মঘটের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।


