পুরুলিয়ায় আন্দোলন প্রত্যাহারের পর গর্জে উঠল পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও ঝাড়গ্রামের কুড়মি সমাজ,পঞ্চম দিনেও অব্যাহত রেল ও সড়ক অবরোধ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ সেপ্টেম্বর: ১০০ ঘন্টা পার করে পঞ্চম দিনেও রেল ও সড়ক অবরোধ আন্দোলন প্রত্যাহার করল না কুড়মি সমাজ। শনিবার দুপুর দেড়টা নাগাদ কুড়মি সমাজের উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো পুরুলিয়া থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন। এরপরেই তার বিরুদ্ধে গর্জে ওঠেন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার তামাম কুড়মি সমাজ। সমাজের অন্যান্য নেতাদের দাবি, অজিত বাবু বিক্রি হয়ে গেছেন আমাদের দাবি পূরণ না হওয়ায় খড়্গপুরের খেমাসুলি সহ কোথাও আন্দোলন প্রত্যাহার করা হবে না।

অন্যান্য নেতৃত্বের দাবি, অজিত মাহাতোর আন্দোলন উঠেছে, কিন্তু কুড়মি সমাজের অবরোধ আন্দোলন উঠেনি। ফেসবুক পোস্টে অজিত বাবুকে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলারও দাবি উঠেছে কুড়মি সমাজের বিভিন্ন মহল থেকে। শনিবার বেলা বারোটা নাগাদ রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের সচিব এবং সিআইআর-এর ডাইরেক্টর-এর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়াা হচ্ছে বলে পুরুলিয়ায় সাংবাদিক সম্মেলনে জানান কুড়মি সমাজের উপদেষ্টা অজিত মাহাতো। কুড়মি জাতিকে তপশিলি উপজাতি এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলিভুক্ত করণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কয়েকটি জায়গায় রেল ও সড়ক অবরোধের ডাক দেয় কুড়মি সমাজের নেতৃত্ব। এর ফলে তিন জেলায় যানবাহন চলাচল ও যাত্রী পরিবহন স্তব্ধ হয়ে পড়ে। রেল কর্তৃপক্ষকে আন্দোলনের এই পাঁচ দিনে আড়াইশোটি ট্রেন বাতিল করতে হয়।

সাংবাদিক সম্মেলনে অজিত মাহাতো জানান, রাজ্য সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। অনগ্রসর কল্যাণ দপ্তরের সচিব জানিয়েছেন, কিভাবে তারা বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছেন। অজিত বাবু বলেন, ২০১৮ সালে পাঠানো সিআরআই রিপোর্ট আন্দোলনকারীদের দেখানো হয়নি, এবার তা আর হবে না বলে দপ্তরের সচিব জানিয়েছেন। তিনি বলেন, এরপর কেন্দ্র সরকার উপযুক্ত পদক্ষেপ না করলে জাতীয় স্তরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পুজোর আগে এই আন্দোলন চলায় বহু মানুষের অসুবিধা হচ্ছিল তাদের কথা ভেবেই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তা বলে ভবিষ্যতে যে আন্দোলন হবে না এরকম নয়। আমরাও দেখছি আগামী দিনে রাজ্য ও কেন্দ্র সরকার কি পদক্ষেপ করছে। তবে আশা করছি রাজ্য ও কেন্দ্র আমাদের সমস্যার সমাধান করবে।

অজিত বাবু বলেন, শনিবার সরকারি প্রতিনিধি দল পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে আন্দোলনকারীদের নামে যাতে কোনও মামলা না হয় প্রতিনিধি দলকে সেই বিষয়টি দেখার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *