অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ ডিসেম্বর: আজ থেকে ঝাড়গ্রাম জেলাশাসকের দফতরের সামনে মঞ্চ করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসলো কুর্মি সমাজ।
ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিআরআই রিপোর্ট জাস্টিফিকেশন করে কেন্দ্রের কাছে পাঠানোর দাবিতে তারা জাতিসত্তার আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনের সময় থেকে এখনো পর্যন্ত পুলিশ আন্দোলনকারীদের মিথ্যে মামলায় গ্রেফতার করছে বলে তাদের অভিযোগ। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন কুর্মি সমাজের নেতা রাজেশ মাহাতো ও শিবাজী মাহাতো সহ অন্যান্য নেতারা। তাদের দাবি, মিথ্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং নতুন করে কোনো আন্দোলনকারীকে গ্রেফতার করা যাবে না।
এই অবস্থান বিক্ষোভ নিয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। অবস্থান বিক্ষোভের মূল মঞ্চের তিনদিক গার্ডোয়াল দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে এবং মোতায়ন রয়েছে পুলিশ। অবস্থান বিক্ষোভ ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন।

