তপশিলি উপজাতি তালিকাভুক্তির দাবিতে কুড়মি সম্প্রদায়ের কালা দিবস পালন

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বর:
মাহাতো সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্ত করার দাবিতে রবিবার জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় কালা দিবস পালন করল আদিবাসী কুড়মি সমাজের মানুষজন।

লালগড়, লোধাসুলি সহ ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি জায়গায় তারা মিছিল করে কালো পতাকা তুলেছে বলে জানাগেছে। ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর কুড়মি তথা মাহাতো সম্প্রদায়কে তপশিলি উপজাতি থেকে অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত করেছিল তৎকালীন জওহরলাল নেহেরুর নেতৃত্বাধীন কেন্দ্রের কংগ্রেস সরকার। কুড়মি সমাজের অভিযোগ, এর ফলে কুড়মি সম্প্রদায়ের মানুষরা তাদের ন্যায্য অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত রয়েছেন। বহুবার আন্দোলনে নামা সত্বেও এই বিষয়ে পরবর্তী কোনও সরকার কোনও রকম  উদ্যোগ নেয়নি। কুড়মি সমাজের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব তাই পরবর্তী কালে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাগেছে।

একদা মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার লালগড়ের রঘুনাথ চকে রবিবার সকাল ১১ টায় জমায়েত করে কালো পতাকা তুলে বিক্ষোভ দেখান আদিবাসী কুড়মি সমাজের মানুষজন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য বাদল মাহাতো, বিনপুর ১ নম্বর ব্লক কমিটির সভাপতি রঞ্জিত মাহাতো, প্রিয়রঞ্জন মাহাতো সহ অন্যান্যরা। এদিন লোধাসুলি বাজারেও কালো পতাকা নিয়ে মিছিল করেন কুড়মি সমাজের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *