রাজেন রায়, কলকাতা, ৩ এপ্রিল: শেষ পর্যন্ত সারদা মামলায় অভিযুক্ত কুনাল, শতাব্দী এবং দেবযানীর সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই তালিকায় রয়েছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ, তৃণমূলের আরেক বর্তমান সাংসদ শতাব্দী রায় এবং এই মামলার আরেক অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। যে টাকার সুবিধা তারা পেয়েছিলেন, সেই পরিমাণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি।

ইডি সূত্রে খবর, কুণাল, শতাব্দী এবং দেবযানীর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে কুণাল ঘোষের মোট ২ কোটি ৬৭ লক্ষ টাকা, শতাব্দী রায়ের ৩০ লক্ষ টাকা এবং দেবযানী মুখোপাধ্যায়ের ১৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
রাজ্যে তৃতীয় দফার ভোটের আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের জেরে তোলপাড় রাজনৈতিক মহলেও। রাজনৈতিক কারণেই শুধুমাত্র তৃণমূল সাংসদদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল। যদিও এটি শুধুমাত্র সমসাময়িক ঘটনাক্রম বলে জানিয়েছে ইডি।

