অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ জুন:
নিজের সাংসদ তহবিলের টাকায় নির্মিত নয়াগ্ৰামের দ্বারিকাপল্লী কে এস শিক্ষায়তনের নতুন শ্রেণিকক্ষের উদ্বোধন করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ। সোমবার দুপুরে নয়াগ্ৰামের ওই উচ্চ মাধ্যমিক স্কুলে একটি অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত শ্রেণিকক্ষটির দ্বারোদঘাটন হয়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ বলেন, বাম আমলে জঙ্গলমহল উন্নয়নের অসাম্যে ভুগত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেটা আর নেই। জঙ্গলমহলের উন্নয়নেও নজর দিয়েছেন নেত্রী। তিনি বলেন, জঙ্গলমহলের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে শিল্প গড়ে তোলা প্রয়োজন।
কুনাল ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, নয়াগ্ৰামের বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্ৰাম জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত প্রমুখ।

